বাবু (গোবিন্দগঞ্জ): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার টানা দুই মেয়াদের (১৯৮৭-১৯৯০) সাধারণ সম্পাদক এবং স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গোবিন্দগঞ্জের রাজপথ কাঁপানো তৎকালীন জনপ্রিয় ছাত্রনেতা, সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শের প্রতীক জিল্লুর রহমান প্রধান (লিটু)-এর ৩২তম মৃত্যুবার্ষিকী ৫ নভেম্বর।
আশির দশকে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের দ্বিবার্ষিক কমিটিতে ১৯৮৭-১৯৮৮ মেয়াদে সানোয়ার হোসেন দিপু সভাপতি এবং প্রয়াত জিল্লুর রহমান প্রধান (লিটু) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ১৯৮৯-১৯৯০ মেয়াদে গঠিত উপজেলা ছাত্রদলের দ্বিবার্ষিক কমিটিতে প্রয়াত কাজী অহিদুজ্জামান (অহিদ কাজী) সভাপতি এবং দ্বিতীয়বারের মতো জিল্লুর রহমান প্রধান (লিটু) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সে সময় স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে লিটু গাইবান্ধা কারাগারে পাঁচবার এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে একবার কারাবরণ করেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ৫ নভেম্বর সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের মাস্টারপাড়ায় নিজ বাসায় একটি পারিবারিক অনুষ্ঠানে বৈদ্যুতিক শক পান লিটু। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ২৬ বছর বয়সে তিনি মারা যান।
প্রয়াত জিল্লুর রহমান প্রধান (লিটু) গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক ছয়বারের সভাপতি ও সাংবাদিক জাহিদুর রহমান প্রধান (টুকু)-এর আপন ছোট ভাই।
মরহুম জিল্লুর রহমান প্রধান (লিটু)-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

