আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর মো. সালাউদ্দিন প্রমুখ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বাদ জোহর বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন একাদশ ও শ্রীমঙ্গল পৌরসভা একাদশের মধ্যে একটি প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়া হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

