মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্ট সিজন-১’-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে আনাস একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আকাশ-নিলয় একাদশ।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কুলিয়ারচর রেলস্টেশন-সংলগ্ন পূর্ব গাইলকাটা খেলার মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করে ‘পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহল’।
ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক মো. কামরুল ইসলাম মুছা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. কামরুল ইসলাম মুছা বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসনীয়। যুবসমাজ ও তরুণেরা সঠিক পথে এগিয়ে গেলেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা আজ হারিয়ে যাওয়ার পথে। পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহলের এই উদ্যোগ আমাদের শৈশবের সেই হারানো ঐতিহ্য ও খেলাধুলার আমেজ আবার ফিরিয়ে এনেছে। খেলোয়াড়দের সুন্দর ক্রীড়াশৈলী ও উভয় দলের চমৎকার মনোভাব দেখে আমি সত্যিই মুগ্ধ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আলী সোহেল, কামাল আহমেদ ও মোবারক হোসেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে স্থানীয় যুবক ও তরুণদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তাঁরা।
ফাইনাল খেলায় আকাশ-নিলয় একাদশ ও আনাস একাদশ একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। শেষ পর্যন্ত চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আকাশ-নিলয় একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি মো. কামরুল ইসলাম মুছাসহ অন্যান্য অতিথি।
এলাকার ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

