সর্বশেষ :
8 Nov 2026, Sun

জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

শুধু সংবাদ সংগ্রহ করলেই এখন আর চলে না। তথ্য যাচাই, ভিডিও সম্পাদনা, আকর্ষণীয় উপস্থাপনা এবং দ্রুত দর্শকের কাছে সংবাদ পৌঁছে দেওয়া- এসবই বর্তমানে গণমাধ্যমকর্মীদের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। এই লক্ষ্য সামনে রেখে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা’।

গাজীপুর সাংবাদিক পরিষদের আয়োজনে শুক্রবার সী-গাল রিসোর্টে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।

কর্মশালার মূল আকর্ষণ ছিল জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। এ সেশনে প্রশিক্ষণ দেন দৈনিক কালের কণ্ঠের হেড অব ডিজিটাল রাজীবুল হাসান। তিনি মাল্টিমিডিয়া রিপোর্টিং, ভিডিও কনটেন্ট তৈরি, অনলাইনে সংবাদ উপস্থাপনের নতুন কৌশল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক-সম্পৃক্ততা বিষয়ে হাতে-কলমে ধারণা দেন।

দ্বিতীয় সেশনে প্রশিক্ষণ দেন দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া চিফ ফখরুল ইসলাম।

কর্মশালায় তথ্য অধিকার নিয়েও আলোচনা হয়। জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তৈরিতে তথ্য পাওয়ার অধিকার এবং সংগৃহীত তথ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল চিফ ড. সেলিম শেখ। সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলামিস্ট সাঈদ চৌধুরী।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়।

প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সংবাদ পরিবেশনার ধরনও বদলে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে মফস্বলের সাংবাদিকদের নতুন দক্ষতায় দক্ষ করে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে বলে জানান সংগঠনের সভাপতি মো. মোজাহিদ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *