আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ এবং নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর)) সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় মৎস্যচাষিরা।
অতিথিরা বলেন, নদীতে অবমুক্ত করা মাছের পোনাগুলো বড় হয়ে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার পাশাপাশি মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।

