বাবু (গোবিন্দগঞ্জ): দীর্ঘ আইনি লড়াইয়ের পর গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি অসহায় পরিবারের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে বুঝিয়ে দিয়েছে আদালত। ঢোল পিটিয়ে এবং জমির সীমানায় লাল নিশান টানিয়ে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র সিভিল জজ (চৌকি) আদালতের একটি প্রতিনিধিদল স্থানীয় লোকজনের উপস্থিতিতে ভুক্তভোগী পরিবারকে জমির দখল বুঝিয়ে দেয়। এতে ভুক্তভোগী পরিবারের পাশাপাশি সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।
উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর ও তারদহ মৌজার খাঁ পাড়া এলাকার মোখলেছুর রহমান গংয়ের ৮৯ দশমিক ৪১ শতক জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল প্রতিবেশী ছকিনা খাতুন গংয়ের পরিবার।
জানা যায়, জমিগুলো নিজেদের দাবি করে ভোগদখল করছিল ছকিনা খাতুনের পরিবার। এ নিয়ে ২০০০ সালে আদালতে ১৯৬/২০০০ নম্বর বাটোয়ারা মামলা করেন মোখলেছুর রহমান। বিচারিক কার্যক্রম শেষে আদালত বাদীপক্ষের অনুকূলে জমির মালিকানার রায় ঘোষণা করেন। আদালত বিবাদীপক্ষকে জমির দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও তারা তা না মানায় জমির দখল বুঝে পেতে ২০২৬ সালের ২০ মে পুনরায় আদালতে মামলা করা হয়।
ওই মামলার পরিপ্রেক্ষিতে গোবিন্দগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিভিল জজ লিমন হোসেন জমির দখল বুঝিয়ে দেওয়ার দিন ধার্য করে আদেশ দেন।
এরই ধারাবাহিকতায় রবিবার আদালতের নাজির ওয়াদুদ, সেরেস্তাদার ওয়ারেজ, জারিকারক মামুনুর রশিদ ও আতিকুর এবং অফিস সহকারী মোশারফ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। দুপুর ২টার দিকে আদালতের আদেশ বাস্তবায়নে জমির চারপাশের সীমানায় লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
আদালতের আদেশ অনুযায়ী, বকচর মৌজার জে.এল. নম্বর ২৬০, সিএস খতিয়ান নম্বর ২৭৪, ১৯৬, ২০৭, ২৫৯ ও ১৭৪ এবং আরএস খতিয়ান নম্বর ২৭১, ২৭২, ২০০ ও ১৭০। অন্যদিকে তারদহ মৌজার জে.এল. নম্বর ২৫৮ ও সিএস খতিয়ান নম্বর ১৭৬, ৫৫৭ ও ৪৮৯-এর অন্তর্ভুক্ত বিভিন্ন দাগের জমি উদ্ধার করে দেওয়া হয়। এর মধ্যে ৪৫২ দাগে ১৫ শতকের মধ্যে ১ শতক, ৪৫৫ দাগে ৩৮ শতকের মধ্যে ৬ শতক, ৪৪৯ দাগে ৫০ শতকের মধ্যে ১৮ শতক, ৪৬৫ দাগে ২২ শতকের মধ্যে ৫ শতক, ৪৬০ দাগে ২২ শতকের মধ্যে ৩ শতক, ৪৪৬ দাগে ৬৩ শতকের মধ্যে ১৯ দশমিক ৪১ শতক, ১৭৩ দাগে ২৮ শতকের মধ্যে ৮ শতক, ৮৬ দাগে ৬২ শতকের মধ্যে ২৭ শতক এবং ১৩ দাগে ১৬ শতকের মধ্যে ২ শতক জমি রয়েছে। সব মিলিয়ে মোট ৮৯ দশমিক ৪১ শতক জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিনের আইনি লড়াই শেষে জমি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মোখলেছুর রহমানের ছেলে ঠান্ডা মিয়া। তিনি বলেন, ‘আমাদের ৮৯ দশমিক ৪১ শতক জমি জোরপূর্বক লোকজন নিয়ে দখল করে নেওয়া হয়েছিল। আমরা আইনের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। আমাদের ওপর যেন আর কোনো অত্যাচার নেমে না আসে, সে জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
স্থানীয় বাসিন্দা শামসুউদ্দিন ভেলা বলেন, ‘পরিবারটি অসহায় হওয়ায় প্রভাবশালীরা জোরপূর্বক তাদের জমিগুলো দখল করে নেয়। তাদের অত্যাচারের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। তবে আদালত উপযুক্ত বিচার করেছেন।’

