মো. মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোরের নলডাঙ্গায় দুই দিনব্যাপী মৎস্য অভিযান পরিচালনা করা হয়েছে। ৭ ও ৮ নভেম্বর পরিচালিত এ অভিযানে ৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
৭ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হালতী বিলের খোলাবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
এ সময় হালতী বিলের ট্যাংকিসংলগ্ন ক্যানেল থেকে ৭০টি চায়না দোয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া স্রোতি নেট অপসারণ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
৮ নভেম্বর মোহনপুর দারা ও আশপাশের বিলে অভিযান চালিয়ে ৮০টি চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন ধারার মুখে পাতা সূচি নেটও অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা-পুলিশের সদস্যরা।
মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

