সর্বশেষ :
10 Nov 2026, Tue

দুই বছরের সংসারেই থমকে গেল জীবন, আবার হাঁটতে চান ১৯ বছরের তামান্না

দুই বছরের সংসারেই থমকে গেল জীবন, আবার হাঁটতে চান ১৯ বছরের তামান্না

দোহার (ঢাকা): মাত্র ১৯ বছর বয়সেই কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ঢাকার দোহার উপজেলার চর লটাখোলা এলাকার গৃহবধূ তামান্না। হিপ জয়েন্টের জটিল রোগে আক্রান্ত হয়ে বন্ধ হয়ে গেছে তাঁর স্বাভাবিক হাঁটাচলা। এখন নিজের দৈনন্দিন কাজটুকুও করতে পারছেন না তিনি। স্বামী ও পরিবারের সদস্যদের সহযোগিতায় কাটছে তাঁর প্রতিটি দিন।

তিন বোনের মধ্যে সবার ছোট তামান্নার বিয়ে হয়েছে দুই বছর আগে। তাঁর স্বামী আজিজুল হাকিম দোহার উপজেলার চরলটাখোলা গাংপার এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন রাজমিস্ত্রির সহযোগী। সীমিত আয়ের এই পরিবারের পক্ষে তামান্নার চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তামান্নার পায়ে ব্যথা শুরু হয়। ধীরে ধীরে সেই ব্যথা বাড়তে থাকে। চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষায় তাঁর হিপ জয়েন্টের বাটিতে জটিলতা ধরা পড়ে। বর্তমানে জয়েন্টের বাটির আকার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে হাঁটাচলা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাঁর।

চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। চিকিৎসায় দেরি হলে জটিলতা আরও বাড়তে পারে এবং ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে বলেও পরিবারকে জানানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন অপারেশন করতে ১৫ থেকে ২০ লক্ষ টাকার প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্বজনেরা।

তামান্নার স্বামী ও মা আলেয়া বেগম মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সবার সামান্য সহযোগিতায় হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তামান্না।

সহায়তা পাঠানোর বিকাশ নম্বর:
০১৮১৮৮২৮৭৭২

মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলে ১৯ বছর বয়সী তামান্নার চিকিৎসার পথ কিছুটা হলেও সহজ হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *