আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
মঙ্গলবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া এলাকায় ঐতিহ্যবাহী লকমা জমিদারবাড়ি চত্বরে নিজ হাতে আগাছা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উপজেলা প্রশাসন, পৌরসভা, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বিডি ক্লিনের জেলা কমিটির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় জমিদারবাড়ির আশপাশের ঝোপঝাড়, আগাছা, দুর্গন্ধযুক্ত পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযান চলাকালে জেলা প্রশাসক স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেন। তিনি বলেন, বাড়ির আশপাশ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিডি ক্লিনের সদস্যরা।

