নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগে। মুহূর্তেই পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘন ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন অনেক শিক্ষার্থী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ভর্তি শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

