আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, অধিক সময় মোবাইল ফোনে ব্যয় না করে পড়ালেখায় মনোযোগী হতে হবে। মরণফাঁদ মাদকের দিকে ধাবিত না হয়ে বিদ্যালয়ের ছুটির পর বিকেলে খেলার মাঠে খেলাধুলা করতে হবে।
জেলা প্রশাসক বিদ্যালয়ে উপস্থিত হলে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এ সময় জেলা প্রশাসকের সফরসঙ্গী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক বিদ্যালয় পরিদর্শন, দিকনির্দেশনামূলক বক্তব্য ও শিক্ষামূলক পরামর্শে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

