মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): পড়াশোনার হাতেখড়ি নিয়ে বই-খাতা আর কলম হাতে স্কুলে যাওয়ার কথা ছিল যার, সেই কিশোর বয়স কাটছে বাজারের একটি দোকানের পাটাতনে বসে পণ্যের হিসাব কষে। সংসারের অভাব-অনটনের কারণে বাধ্য হয়েই শ্রেণিকক্ষ ছেড়ে কর্মজীবনে নামতে হয়েছে ১১ বছর বয়সী মেধাবী ছাত্র শাহীনকে। তবে শিক্ষার্থীর এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। শাহীনের চোখে অপার সম্ভাবনা দেখতে পাওয়া ওই শিক্ষকের আকুতি ও নিরন্তর প্রচেষ্টা নাড়া দিয়েছে অনেক বিবেকবান মানুষকে।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নেছা। বিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহীনের ঝরে পড়া রোধে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন। তবে তাঁর এই প্রচেষ্টার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শাহীনের পরিবারের চরম আর্থিক সংকট।
খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী ও অসহায় মো. শামীম মিয়ার বড় ছেলে মো. শাহীন মিয়া। সে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। শ্রেণিতে তার রোল নম্বর ১। দুই ভাইয়ের মধ্যে শাহীন বড়। তার ছোট ভাই মো. নাঈম মিয়া ওরফে রবিউল ইসলাম (৯) একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রিকশাচালক বাবা শামীম মিয়া। কিন্তু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি প্যারালাইজড হয়ে পড়েন। এরপর থেকে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। মা মাসুদা বেগমেরও উপার্জনের কোনো ব্যবস্থা নেই। ভিটেমাটি ছাড়া পরিবারের কোনো ফসলি জমিও নেই। ফলে চরম আর্থিক সংকটে পড়ে সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে পরিবারটি।
একপর্যায়ে বাধ্য হয়ে শাহীনের পড়াশোনা বন্ধ করে তাকে সংসারের হাল ধরতে কাজে পাঠান মা-বাবা। বর্তমানে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর রশি মার্কেটে আলমগীর মিয়ার একটি দোকানে মাসিক চার হাজার টাকা বেতনে কাজ করছে সে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে কাজ করে পরিবারের দায়িত্ব পালনে সহযোগিতা করতে হচ্ছে ১১ বছরের এই শিশুকে।
এদিকে অভাবের তাড়নায় মা মাসুদা বেগমও যেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা। তবে থেমে থাকেননি শিক্ষক খায়রুন নেছা। মেধাবী ছাত্র শাহীনকে আবারও বিদ্যালয়ে ফিরিয়ে আনতে তাঁর নিরন্তর প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছেন স্বামী আবুল খায়ের রুবেল। তিনিও নিজ অবস্থান থেকে শাহীনের পড়াশোনা চালু রাখতে সর্বাত্মক চেষ্টা করছেন।
একদিকে পেটের দায়ে দিশেহারা অসহায় পরিবার, অন্যদিকে একজন শিক্ষকের বুকভরা আকুতি- এই দুই বাস্তবতার মাঝে শাহীনের শিক্ষাজীবন ফিরিয়ে আনতে মাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষক খায়রুন নেছা। তাঁর এই মানবিক উদ্যোগ ছুঁয়ে গেছে এলাকার অনেক মানুষের হৃদয়।
শিক্ষক খায়রুন নেছা বলেন, ‘শাহীনের চোখে আমি একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাই। তাকে যেকোনো মূল্যে আমাদের স্কুলে ফেরাতেই হবে।’
শাহীনের মতো সম্ভাবনাময় একটি শিশুর জীবন থেকে অন্ধকার দূর করতে এবং তার শিক্ষাজীবন নিশ্চিত করতে দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন এলাকাবাসী ও সচেতন মহল।
এ বিষয়ে বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা রাকিবুল হান্নান মিজান বলেন, ‘আমি জীবনের অনেকটা সময় বিতর্কের মাধ্যমে তৃণমূলের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছি। তাই কুলিয়ারচর তথা সারা দেশে কোনো মেধাবী কিংবা সাধারণ শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ বন্ধ হয়ে গেলে আমি অনেক কষ্ট পাই। মেধাবী শিক্ষার্থী শাহীনের শিক্ষার পথ সুগম হলে আরও অনেক সুযোগবঞ্চিত শিক্ষার্থী ও তাদের মা-বাবা আশাবাদী হবেন।’
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, শিশু শাহীনের পড়াশোনা বন্ধ হয়ে শ্রমে যুক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন ব্যাহত হোক, তা আমরা চাই না। শাহীনের পড়াশোনা পুনরায় চালু করা এবং তার পরিবারের আর্থিক সংকট নিরসনে কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কার্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। আমাদের প্রত্যাশা, শাহীন আবারও বিদ্যালয়ে ফিরে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে।

