সর্বশেষ :
9 Nov 2026, Mon

কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর

কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের একটি কাঁচা রাস্তা সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে দেড়িয়াকান্দা জামে মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় দেড় শতাধিক ফুট দীর্ঘ রাস্তাটির বেহাল দশার কারণে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের নিয়মিত ইবাদত-বন্দেগিও ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি পিচ্ছিল হয়ে কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে শিশু থেকে শুরু করে মধ্যবয়সী ও বয়োবৃদ্ধ মুসল্লিদের জন্যও মসজিদে যাতায়াত দুরূহ হয়ে পড়ে। কাদা-পানি মাড়িয়ে মসজিদে যাওয়ার সময় প্রায়ই মুসল্লিদের পোশাক নষ্ট হয়। বিশেষ করে পিচ্ছিল রাস্তায় বয়োবৃদ্ধদের পড়ে গিয়ে আহত হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মো. মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মপ্রাণ মানুষের ইবাদতের পথে এমন প্রতিবন্ধকতা মেনে নেওয়া যায় না। ইবাদতের রাস্তার এমন নাজুক দশা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে চরম উদাসীনতারই বহিঃপ্রকাশ।

ভুক্তভোগী মুসল্লিদের অভিযোগ, রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. আতিক জানান, রাস্তাটির দুরবস্থার কথা তিনি অবগত আছেন। এটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে।

তবে স্থানীয় বাসিন্দারা এ আশ্বাসকে কেবল দায়সারা মন্তব্য বলে মনে করছেন। তাঁদের অভিযোগ, জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের অবহেলার কারণেই গ্রামীণ অবকাঠামোর এমন করুণ দশা তৈরি হয়েছে।

আসন্ন বর্ষা মৌসুমের আগেই দেড় শতাধিক ফুট দীর্ঘ রাস্তাটিতে ইট বা সুরকি বিছিয়ে চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনস্বার্থ ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের সচেতন বাসিন্দারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, বিষয়টি সম্পর্কে সম্প্রতি অবগত হয়েছি। অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *