রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামের রানার বাড়ি থেকে শামীমের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও জলাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো।
জানা যায়, নুর আলম খান হিরো উপজেলার কুটিরচর খানপাড়া গ্রামের আকবর খানের দ্বিতীয় ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন তিনি।
নিজ উদ্যোগে মাটি ফেলে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন নুর আলম খান হিরো। তাঁর এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাবাসীর চলাচল সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরেই রাস্তাটির বেহাল অবস্থা। সংস্কারের জন্য একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে গেলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। তবে নুর আলম খান হিরো নিজ অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে নুর আলম খান হিরো বলেন, এলাকার মানুষের কষ্ট লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

