পটুয়াখালী: ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের পোল্ট্রি সায়েন্স বিভাগ ও ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ডিমের গুণগত মান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে অনুষদীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি।’ তিনি বলেন, দেশের সম্পদ সীমিত হলেও সেই সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। যুক্তিনির্ভর বিশ্লেষণ ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সবার জন্য নিরাপদ খাদ্য উৎপাদনই আমাদের মূল লক্ষ্য।
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুশান্ত দাশ এবং বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্যসচিব অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার।

অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ, প্রয়োজনীয়তা, উপকারিতা, প্রাপ্যতা এবং সাম্প্রতিক সময়ে ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ডিম একটি পরিপূর্ণ ও পুষ্টিকর খাবার। বিশ্বজুড়ে সুপারফুড হিসেবে পরিচিত খাবারগুলোর মধ্যে ডিম অন্যতম। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু বার্ষিক ডিমের প্রাপ্যতা ১৩৫টি, যা গত বছর ছিল ১৩৬টি। গত ৩০ বছর ধরে বিশ্বব্যাপী ডিমের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ইতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার। তিনি বিশ্ব ডিম দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খান মোহাম্মদ নাফিউ, বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক রাফি এবং অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম মোহনা।
শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক রাফি বলেন, খামারিদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত ডিম উৎপাদনে খামারিদের উৎসাহিত করতে হবে।
বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্যসচিব অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার ডিমের পুষ্টিগুণ ও প্রতিদিন ডিম খাওয়ার উপকারিতা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় তিনি এবারের প্রতিপাদ্য ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’-এর তাৎপর্য তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম বলেন, ডিম অত্যন্ত পুষ্টিকর খাবার হলেও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এর দাম কমানো জরুরি। পোল্ট্রি ফিডের অতিরিক্ত দাম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ডিমের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা প্রয়োজন। তবেই সবার জন্য ডিম সহজলভ্য করা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা ডিমের পুষ্টিগুণ, নিয়মিত ডিম খাওয়ার উপকারিতা এবং দেশের পোল্ট্রি খাতের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

