সর্বশেষ :
12 Nov 2026, Thu

নলডাঙ্গায় সামাজিক অপরাধ প্রতিরোধে সুশীল সমাজের সঙ্গে আইনগত সহায়তা কমিটির মতবিনিময়

নলডাঙ্গায় সামাজিক অপরাধ প্রতিরোধে সুশীল সমাজের সঙ্গে আইনগত সহায়তা কমিটির মতবিনিময়

নাটোর জেলা প্রতিনিধি: সামাজিক অপরাধ প্রতিরোধ, সাধারণ মানুষের আইনগত অধিকার নিশ্চিত করা এবং বিনামূল্যে আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় উপজেলা আইনগত সহায়তা কমিটির সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এবং জিএফএ-এর কারিগরি সহায়তায় সভাটির আয়োজন করা হয়। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং নাটোরের ALWO (আলো) সংস্থার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। সভাপতির বক্তব্যে তিনি নারী ও পুরুষ উভয়ের জন্য লিঙ্গনিরপেক্ষ আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ, আনসার কর্মকর্তা এরশাদ এবং সাংবাদিক মো. রাসেল শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শাহীনা লাইজু।

সভায় বক্তারা সাধারণ মানুষের আইনগত অধিকার এবং লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু পাচার প্রতিরোধ, জুয়া এবং মাদকের ভয়াবহতা তুলে ধরেন।

বক্তারা এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সম্মিলিত সামাজিক উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করা এবং সামাজিক অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন বক্তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *