সর্বশেষ :
12 Nov 2026, Thu

কুলিয়ারচরে বিএনপির কার্যালয়ের নিচের ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগ, আটক ১

কুলিয়ারচরে বিএনপির কার্যালয়ের নিচের ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগ, আটক ১

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের নিচে অবস্থিত একটি ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুলিয়ারচর বাজারে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত ‘মা আর্ট অফসেট প্রেস অ্যান্ড ডিজিটাল সাইন’ নামের ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরি করা হচ্ছে—এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় কাজী জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছাপাখানাটিতে তালা ঝুলিয়ে দেন।

আটক কাজী জহিরুল ইসলাম ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের কাজী মাইন উদ্দিনের ছেলে।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কাজী জহিরুল ইসলাম দাবি করেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ছবি সংবলিত একটি ফটোকার্ড বা পোস্টার তৈরির কাজ করাতেই তিনি ওই ছাপাখানায় এসেছিলেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আটক ব্যক্তির দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *