সর্বশেষ :
12 Nov 2026, Thu

দোহারে ১৮ লাখ ৫০ হাজার টাকায় সরকারি খাসজমি বিক্রি! অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

দোহারে ১৮ লাখ ৫০ হাজার টাকায় সরকারি খাসজমি বিক্রি! অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় ভুল তথ্য দিয়ে ১৮ লাখ ৫০ হাজার টাকায় সরকারি খাসজমি বিক্রির অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী খান নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। জমিটি একই এলাকার আতাউর রহমান ওরফে আতার কাছে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর মৌজার ৩২৮ নম্বর খতিয়ানের আরএস ১৮৯ নম্বর দাগে প্রায় এক বিঘা জমি আতাউর রহমানের কাছে বিক্রি করেন মোহাম্মদ আলী খান। জমি বিক্রির দলিলে সরকারি বন্দোবস্তের মাধ্যমে জমিটি পাওয়া হয়েছে বলে উল্লেখ করা হলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। অন্যদিকে, ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, জমিটি সরকারি খাসজমি।

জমি বিক্রির সময় ভবিষ্যতে এ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে ক্ষতিপূরণসহ টাকা ফেরত দেওয়ার শর্তও উল্লেখ করেন মোহাম্মদ আলী খান।

সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ার পর আতাউর রহমানকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী খানের লোকজনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মোহাম্মদ আলীর ছেলে শৌমিক খান পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত হওয়ার পর থেকে এলাকায় প্রভাব বিস্তার করছেন তার বাবা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোহাম্মদ আলী খানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি সাক্ষাতে কথা বলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এদিকে, জমিটি সরকারি খাসজমি হয়ে থাকলে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।

সচেতন মহলের আশঙ্কা, সরকারি খাসজমি অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে। তাই অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *