বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যবস্থাপনা কমিটির ৮টি পদের মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। শুধুমাত্র সভাপতি পদে সমঝোতা না হওয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সরকার নিক্সন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবদলের সদস্যসচিব মো. রাজু মিয়া পেয়েছেন ১৯ ভোট।
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে পলাশবাড়ী থানা পুলিশ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

