মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): পড়াশোনা যার শুরু হওয়ার কথা ছিল বই-খাতা আর কলম নিয়ে, সেই কিশোরবেলার কিছু দিন কেটেছে বাজারের এক দোকানের পাটাতনে বসে পণ্যের হিসাব কষে। সংসারের অভাবের কষাঘাতে বাধ্য হয়ে ক্লাসরুম ছেড়ে কাজের জগতে নামতে হয়েছিল ১১ বছর বয়সী মেধাবী ছাত্র মো. শাহীন মিয়াকে। তবে তাকে নিয়ে গত ১০ ও ১১ নভেম্বর কালের বার্তাসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরই পাল্টে যায় শিশু শাহীনের জীবন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার যৌথ প্রচেষ্টা এবং এক শিক্ষকের অকৃত্রিম মমতায় অবশেষে বিদ্যালয়ের প্রিয় ক্লাসরুমে ফিরেছে শিশুটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্ধারিত সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে সহপাঠীদের সঙ্গে একসঙ্গে ক্লাস করে শাহীন। এ সময় সহকারী শিক্ষক খাইরুন নেছাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে হাসির ঝিলিক। তবে এর আগের দিন বুধবার নিজ বিদ্যালয়ে গিয়ে সবার সঙ্গে দেখা করে নিয়মিত স্কুলে যাওয়ার কথা জানিয়ে আসে শাহীন।
শাহীনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়টি প্রশাসনের নজরে এলে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম এবং সংশ্লিষ্ট রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম শিশুটির পরিবারের খোঁজখবর নেন। প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে শিশু শাহীনকে কাজ থেকে ছাড়িয়ে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও সাফফাত আরা সাঈদ। এরপরই শিশুটির মা-বাবা তাকে স্কুলে পাঠান।
গত ১১ নভেম্বর বুধবার সকালে প্রথম ধাপে ইউএনও সাফফাত আরা সাঈদের নির্দেশে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে শিশু শাহীনের পরিবারের পাশে দাঁড়িয়ে তার বাবার নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ব্যাংকে একটি হিসাব খুলে নিয়ম অনুযায়ী অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়। এর মাধ্যমে দ্রুতই শাহীনের বাবাকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এ ছাড়া সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে শিশু শাহীনের পরিবারকে বিভিন্ন ধরনের সরকারি অনুদান দেওয়ার কথাও জানানো হয়েছে।
মো. শাহীন মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের প্রতিবন্ধী ও অসহায় মো. শামীম মিয়ার বড় ছেলে। সে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির (রোল নম্বর-১) মেধাবী ছাত্র। দুই ভাইয়ের মধ্যে শাহীন বড়। তার ছোট ভাই মো. নাঈম মিয়া ওরফে রবিউল ইসলাম (৯) একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রিকশাচালক বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড (অচল) হওয়ার পর থেকে ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। মা-ও কোনো কাজ করার সুযোগ পাননি। ভিটেমাটি ছাড়া ফসলি কোনো জমিও নেই তাদের। চরম অনটন আর পেটের দায়ে দিশেহারা হয়ে বাধ্য হয়েই মা-বাবা শাহীনের লেখাপড়া বন্ধ করে দিয়ে মাসিক চার হাজার টাকা বেতনে বাজিতপুরের ভাগলপুর রশি মার্কেটে আলমগীর মিয়ার একটি দোকানে কাজে পাঠান। সেখানে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করে সংসারের হাল ধরতে হচ্ছিল শিশুটিকে।
কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নেছা শিশু শাহীনের ঝরে পড়া রোধে দ্বারে দ্বারে ঘুরেছেন। শাহীনের চোখে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাওয়া এই শিক্ষকের আকুতি নাড়া দেয় বিবেকবান মানুষদের। তাঁর এই লড়াইয়ে সর্বাত্মক পাশে দাঁড়িয়েছিলেন তাঁর স্বামী আবুল খায়ের রুবেলও।
শাহীনকে বিদ্যালয়ে ফিরিয়ে আনার প্রাথমিক প্রচেষ্টায় সফল হতে পেরে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ ও সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকীসহ এ সফলতার পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, সেই বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা রাকিবুল হান্নান মিজান ও কুলিয়ারচরের জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সহকারী শিক্ষক খায়রুন নেছা। তিনি বলেন, “শাহীন বিদ্যালয়ে ফিরতে পেরেছে, এতে আমরা অত্যন্ত খুশি। তবে শিশু শাহীনের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হলে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।”
শ্রমিকের জীবন থেকে শাহীনকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা রাকিবুল হান্নান মিজান বলেন, “তৃণমূলের কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেলে খুব কষ্ট পাই। মেধাবী শিক্ষার্থী শাহীনের শিক্ষার পথ সুগম হলে আরও অনেক সুযোগবঞ্চিত শিক্ষার্থী অনুপ্রাণিত হবে।”
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, “অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন ব্যাহত হোক, তা আমরা চাই না। শাহীনের পড়াশোনা পুনরায় চালু করা এবং তার পরিবারের আর্থিক সংকট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা, শাহীন এখন থেকে নিয়মিত বিদ্যালয়ে গিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে।”

