শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): তক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় ডুমুরিয়ার খর্ণিয়া এলাকার রবিউল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামের পাইকগাছা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত সরকারি গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঠ ১৩-২৩৮৭।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৈকত মল্লিকের ব্যবহৃত সরকারি গাড়িটি নিয়ে চালক খুলনায় একটি জরুরি সভায় যাচ্ছিলেন। পথে দক্ষিণ নলতা এলাকায় পৌঁছালে পাইকগাছাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে চালক সরকারি পাজেরো গাড়িটি বাম দিকে সরিয়ে নেন। এতে গাড়িটি দক্ষিণ নলতা গ্রামের মৃত মুনছুর আলী সরদারের ছেলে হাসানুর সরদারের দোকানের ভেতরে ঢুকে পড়ে।
এ সময় দোকানে থাকা একটি ফ্রিজ, চেয়ার, টেবিলসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চায়ের দোকানটি ছিল হাসানুরের একমাত্র আয়ের উৎস। দোকান ও মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে দোকানমালিক হাসানুর বলেন, আমার একমাত্র আয়ের উৎস এই চায়ের দোকান। দোকানটি একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমার ছেলেমেয়েদের কী খাইয়ে বাঁচিয়ে রাখব? আমার তো আর কোনো উপায় নেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
পাইকগাছা মৎস্য অফিসের সিএসও চিকিৎসক আজাহার আলী বলেন, ‘গাড়িতে আমি ছিলাম। মৎস্য কর্মকর্তা সৈকত সাহেব ছিলেন না।’ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি আরও বলেন, চায়ের দোকানটির ক্ষতি হয়েছে। দোকানমালিককে আগামী বুধবার তাঁর কার্যালয়ে যেতে বলা হয়েছে। সেখানে একটি ব্যবস্থা করার চেষ্টা করবেন।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

