নিজস্ব প্রতিবেদক: দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ‘প্রবাসী কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি এবং এ-সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
এ অবস্থায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি কেউ প্রতারণার শিকার হলে কিংবা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সবার সহযোগিতাও কামনা করেছে মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনে মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের মুঠোফোন নম্বর ০১৭১২-৮৭০৯৬৮ অথবা ই-মেইল dsservice@probashi.gov.bd-এ যোগাযোগ করা যাবে।
এ ছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুবুল ইসলামের মুঠোফোন নম্বর ০১৩৩১-১১৬৬০০ অথবা ই-মেইল aps2minister@probashi.gov.bd-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

