সর্বশেষ :
14 Nov 2026, Sat

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টার অভিযোগ

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে রেজিস্ট্রিকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে জুমার নামাজের সময় লোকজন নিয়ে জমিতে প্রবেশ এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার ৩০৭ নম্বর ফাইতং মৌজার ৮৪ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ১২৭২, ১২৭৩ ও ১২৭৪ নম্বর দাগের অংশবিশেষসহ প্রায় ৪ কানি প্রথম শ্রেণির জমি দীর্ঘ ৬৫ বছর ধরে একে খান ভোগদখল করে আসছেন। পরবর্তী সময়ে একে খান ও অন্যান্য ওয়ারিশের কাছ থেকে বৈধভাবে খরিদসূত্রে নাজেমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম জমিটির মালিকানা লাভ করেন। বর্তমানে তাঁরা প্রায় ২.৫ কানি জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন বলে দাবি করেছেন। তবে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে ওই জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তাঁদের।

জমি নিয়ে বিরোধের জেরে বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন হাসন আলী। মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। ১ ও ২ নম্বর বিবাদী মামলার জবাব না দেওয়ায় সংশ্লিষ্ট জমিতে শান্তিভঙ্গ হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে বাদীপক্ষই জুমার নামাজের সময় মাদ্রাসার শিক্ষার্থী ও লোকজন নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালাচ্ছে। এতে আদালতের দেওয়া স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ছাড়া তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও করেছেন তাঁরা।

জমির মালিক দাবিদার নাজেমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম বলেন, আমরা সম্পূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেব। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কোনো বাড়াবাড়ি বা সংঘাতে জড়াইনি। অথচ প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেশিশক্তির জোরে জমি দখল ও নানাভাবে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এলাকার প্রবীণ ব্যক্তি ও স্থানীয় সচেতন মহলের দাবি, একে খান দীর্ঘদিন ধরে ওই জমির মালিক হিসেবে পরিচিত এবং বৈধ দলিলের মাধ্যমে তাঁর ওয়ারিশরা জমিটি ভোগদখল করে আসছেন। তবে হঠাৎ করে হাসন আলী ও তাঁর পক্ষের লোকজন প্রভাব খাটিয়ে আদালতের নির্দেশনা অমান্য করে জমিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে তাঁদের অভিযোগ।

ভুক্তভোগী পরিবার আদালতের নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন এবং জমি দখলের চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *