ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও শ্রমিক অসন্তোষের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কারখানা বন্ধের বিষয়টি জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের খাতও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী সোমবার মজুরি বোর্ডের সভায় পোশাক কারখানার মালিকপক্ষ লিখিত প্রস্তাব দেবে। তবে শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিকতা থাকে না।
এর আগে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিএমইএ নেতারা।

