সর্বশেষ :
14 Nov 2026, Sat

কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা

কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জনকল্যাণ কেন্দ্র (জেকেকে)-এর আয়োজনে এবং ডিনেটের সহযোগিতায় নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও এলাকাভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস এবং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি। বিশেষ করে চা-বাগানের মানুষের আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষণ, মজুরি বৃদ্ধি এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও মৌলিক অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে হবে। নাগরিক সমন্বয় প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। চা-বাগানের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া সিভিক এনগেজমেন্ট ফান্ডের ডেপুটি টিম লিডার ক্যাথরিনা কোনিগ এবং নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় বক্তব্য দেন।

তাঁরা স্থানীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কমলগঞ্জের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শ্রাবণী সিনহা। আলোচনায় জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ প্রস্তুতি, বাঁধ ও খাল সংস্কার, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, যুব কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, নারীর নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পায়। উন্মুক্ত নাগরিক সংলাপে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁদের সমস্যা, অভিজ্ঞতা ও প্রস্তাব তুলে ধরেন।

উল্লেখ্য, ডিনেটের মাধ্যমে বাস্তবায়িত নাগরিক সমন্বয় প্রকল্পটি মৌলভীবাজারের কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় স্থানীয় সামাজিক উন্নয়ন ও এলাকাভিত্তিক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নারী, তরুণ-যুবা ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ জোরদারে কাজ করছে।

সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ফান্ডটি ব্যবস্থাপনা করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *