মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের কৃতী সন্তান এবং কুলিয়ারচর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের সিনিয়র প্রভাষক ইসমাইল আহমেদ পানু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই আকস্মিক ও অকালমৃত্যুতে কুলিয়ারচর উপজেলাজুড়ে শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইসমাইল আহমেদ পানু কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের মরহুম শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি জলিল আহমেদ শিল্পী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সভাপতি সাকিল আহমেদ কাজলের ছোট ভাই।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের হোস্টেল থেকে মেয়েকে দেখে নবাবগঞ্জে নিজ বাসায় ফেরার পথে পাড়াগঞ্জ নামক স্থানে পৌঁছালে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় স্থানীয় লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লক্ষ্মীপুর বাজারসংলগ্ন আবির শেখ পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুলিয়ারচর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

