শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কমলগঞ্জ উপজেলার সিংড়াউলি গ্রামের রুমন শেখ (৪১) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শামীম আনোয়ার (৩২)।
বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কমলগঞ্জ থানাধীন শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় রুমন শেখের বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাঁদের আটক করা হয়।
পরে তাঁদের দেহ তল্লাশি করে রুমন শেখের কাছ থেকে ৬৩ পিস এবং শামীম আনোয়ারের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

