বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী, স্থানীয় খালের পলিযুক্ত বালু ও পচা কংক্রিট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, লামা বিএডিসি কার্যালয়ের ১ হাজার ৬০০ ফুট বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের জন্য সরকার প্রায় চার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সম্প্রতি এ কাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাজ্জাদ এন্টারপ্রাইজ’। তবে কাজটি নিজেদের তত্ত্বাবধানে না করে প্রতিষ্ঠানটি অন্য একটি পক্ষের কাছে সাব-কন্ট্রাক্ট বা হস্তান্তরের মাধ্যমে করাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বাউন্ডারি ওয়াল নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিডিউল বা নিয়মবহির্ভূতভাবে অত্যন্ত নিম্নমানের ও পচা কংক্রিট এবং স্থানীয় খালের পলিযুক্ত বালু ব্যবহার করছেন। ফলে নির্মাণাধীন বাউন্ডারি ওয়ালটির স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনকি সামান্য হাতের চাপেই ব্যবহৃত কংক্রিট ভেঙে যাওয়ার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাগর দাবি করেন, আমি এক নম্বর কংক্রিট ও বালুর মূল্য পরিশোধ করছি। যদি কেউ খারাপ মালামাল দিয়ে কাজ করে থাকে, তবে আপনারা কর্তৃপক্ষের মাধ্যমে কাজটি বন্ধ করে দিন।
এদিকে, কাজের তদারকির বিষয়ে জানতে চাইলে বিএডিসি বান্দরবানের প্রকৌশলী জানান, তাঁকে একাই পুরো জেলার অনেকগুলো কাজ তদারকি করতে হয়। এ কারণে সব সময় নির্মাণস্থলে উপস্থিত থেকে কাজ পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। তবে লামার এই বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের গুণগত মান খারাপ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সচেতন মহল ও বিশিষ্টজনরা বলছেন, চার কোটি টাকার একটি বড় সরকারি প্রকল্পের কাজ এভাবে নামমাত্র তদারকি এবং সাব-কন্ট্রাক্টের মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে বাস্তবায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রাক্কলন অনুযায়ী মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

