সর্বশেষ :
11 Nov 2026, Wed

কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয়ে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবিএম বদরুল আলম মুর্শেদ (রাজিব)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযূষ কান্তি ঘোষ। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুধু প্রশাসনের একক সংগ্রাম নয়, এটি আমাদের প্রতিটি পরিবারের অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের সন্তানেরা আগামীর বাংলাদেশ। তারা যেন কোনো ভুল পথে পা না বাড়ায়, সে জন্য পরিবার থেকেই প্রথম পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে। সন্তান কখন, কোথায় যাচ্ছে এবং কাদের সঙ্গে মিশছে- এ বিষয়ে সচেতন দৃষ্টি রাখাই প্রতিটি বাবা-মায়ের দেওয়া সবচেয়ে বড় সুরক্ষা।

বিশেষ অতিথির বক্তব্যে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ জীবনচর্চা ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে সচেতন অভিভাবকত্ব এবং শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনাই প্রধান শক্তি।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী বলেন, “তরুণ সমাজকে বিপথগামী করে একটি জাতি এগোতে পারে না। মাদকমুক্ত সমাজ ও শিক্ষাঙ্গন গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের একসূত্রে গাঁথতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে জ্ঞানের আলো ও নৈতিক মূল্যবোধের দুর্গে পরিণত করতে হবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান ও উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বিপ্লব।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা সমস্বরে ‘মাদককে না’ বলার পাশাপাশি একটি নিরাপদ ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *