সর্বশেষ :
11 Nov 2026, Wed

লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল

লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিছু মানুষ জন্ম নেন শুধু ইতিহাস গড়ার জন্য নয়, বরং নিজের বুক চিতিয়ে স্বদেশের মানচিত্রকে নতুন করে আঁকার জন্য। ১৯৭১ সালের অগ্নিঝরা দিনগুলোতে মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে যারা জীবন বাজি রেখেছিলেন, তাঁদেরই একজন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল। বার্ধক্যের ছাপ চেহারায় পড়লেও তাঁর দীপ্ত চোখে আজও জ্বলজ্বল করে একাত্তরের সেই বিজয়ের আলো। তিনি শুধু লক্ষ্মীপুর গ্রামের বা কুলিয়ারচরের অহংকার নন, বরং পুরো বাংলাদেশের এক জীবন্ত ইতিহাস ও পরম শ্রদ্ধার অভিভাবক।

১৯৫১ সালের ২৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম হাজী মো. আবদুল করিম বক্স মুন্সি। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শৈশব ও কৈশোর কেটেছে জন্মস্থানেই। স্থানীয় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯৬৮ সালে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭২ সালে ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে ১৯৭৫ সাল পর্যন্ত একই কলেজে ডিগ্রি পর্যায়ে লেখাপড়া করেন।

১৯৭১ সালে ছাত্রজীবনেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল। ভারতের মেঘালয় রাজ্যের ইকো-ওয়ান (Eco-1) প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা হিসেবে তৎকালীন সেক্টর কমান্ডার মীর শওকত আলীর অধীনে দীর্ঘ নয় মাস সম্মুখযুদ্ধে অংশ নেন। সিলেট, সুনামগঞ্জ, ভোলাগঞ্জ ও ছাতক (বর্তমানে সিমেন্ট ফ্যাক্টরি) এলাকায় তিনি সাহসিকতার সঙ্গে সম্মুখযুদ্ধে লড়াই করেন। তিনি ৩ নম্বর কোম্পানির টু-আইসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সঙ্গে একই এলাকার লক্ষ্মীপুর পূর্বপাড়ার কৃতী সন্তান, প্রয়াত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনও একই সেক্টরে সহযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার দুই মাস পর সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সনদ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার মানুষের অনুরোধে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের বৃহত্তর ১ নম্বর (বর্তমানে ১, ২ ও ৩ নম্বর) ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে অংশ নেন এবং বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তী সময়ে সদস্য পদ থেকে পদত্যাগ করে ১৯৭৪ সালে সহকারী খাদ্য পরিদর্শক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে খুলনার মংলা বন্দরে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে খাদ্য পরিদর্শক হিসেবে অবসর গ্রহণ করেন।

চাকরি থেকে অবসর নিয়ে নিজ এলাকায় ফিরে তিনি ব্যবসা শুরু করেন। স্থানীয় লক্ষ্মীপুর বাজারে আরএফএল (RFL)-এর একটি শোরুম পরিচালনা করতেন। এরপর থেকেই তিনি আরএফএল নামে পরিচিতি লাভ করেন। বর্তমানে সবাই তাঁকে ‘আরএফএল আওয়াল’ নামে চেনেন। পরবর্তী সময়ে ব্যবসা ছেড়ে তিনি কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ ছাড়া এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নে তিনি সব সময় নিবেদিতপ্রাণ। লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতি এবং লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আলহাজ জালাল উদ্দিন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট কলেজ পরিচালনা কমিটি এবং লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর সন্তানেরাও নিজ নিজ ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত। বড় ছেলে মো. হাবিবুল আলম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে (এলজিআরডি) উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। ছোট ছেলে মো. শরীফুল আলম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় কর্মরত আছেন।

মেয়ে নূরজাহান বেগম লাকি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ইতালিতে বসবাস করছেন। অপর মেয়ে কারিমুন্নেছা মুক্তি বিএ পাস করার পর বিমান সংস্থায় চাকরির সুবাদে সৌদি আরবে ছিলেন। বর্তমানে ছুটি নিয়ে দেশে ফিরে চিকিৎসক স্বামীর সঙ্গে সাভারে বসবাস করছেন।

একাত্তরের এই বীর সেনানি ও তাঁর পরিবারের দেশপ্রেম, ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সূর্যসন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছেন এলাকাবাসীসহ দেশবাসী।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *