খাগড়াছড়ি প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে খাগড়াছড়িতে ঝটিকা মিছিল করেছে সদর উপজেলা বিএনপি। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে এ মিছিল। এতে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সহসভাপতি মো. উজ্জ্বল ও জুয়েল ত্রিপুরা, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আলামিনসহ উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল থেকে নেতাকর্মীরা অভিযোগ করেন, খাগড়াছড়ির বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৈরাজ্য ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছেন। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয় ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে তাঁরা দাবি করেন।
এসব ঘটনার প্রতিবাদে ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতাকারীদের প্রতিহত করার আহ্বান জানান নেতাকর্মীরা। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

