সর্বশেষ :
10 Nov 2026, Tue

খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণে শোক র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণে শোক র‍্যালি ও আলোচনা সভা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)-এর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে শোক র‍্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ির সূর্যশিখা ক্লাব থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক র‍্যালি বের করেন। র‍্যালিটি চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। সেখানে এম এন লারমার স্মৃতিভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মৃতিভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নিজস্ব কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা।

স্মরণসভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, বাংলাদেশ আদিবাসী ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি নব কুমার চাকমা, সমাজকর্মী রবি শংকর তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য রত্মা তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্মরণসভায় বক্তারা জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত ও কবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, এই নেতা আজীবন জুম্ম জাতির অধিকার আদায়ের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। দিনমজুর থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিয়ে তিনি ভাবতেন। পাহাড় ও পাহাড়ের মানুষের কল্যাণে তাঁর চিন্তা ও সংগ্রাম ছিল অবিচল।

উল্লেখ্য, এম এন লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে নিজের প্রতিষ্ঠিত দলের বিপথগামী সদস্যদের গুলিতে তিনি নিহত হন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *