সর্বশেষ :
10 Nov 2026, Tue

নামের মিলের মাশুল ১০ মাসের কারাবাস, অবশেষে মুক্ত দোহারের নিরপরাধ আলমাস

নামের মিলের মাশুল ১০ মাসের কারাবাস, অবশেষে মুক্ত দোহারের নিরপরাধ আলমাস

নাম ও ঠিকানার আংশিক মিলের কারণে অন্যের সাজা ভোগ করে ১০ মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন মো. আলমাস নামের এক নিরপরাধ ব্যক্তি। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. তানভীর আহমেদ। এর আগে গত ৮ নভেম্বর শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

হাইকোর্টে দাখিল করা অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি মো. আলমাছ বিচারপ্রক্রিয়ার শুরু থেকেই পলাতক। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। অন্যদিকে কারাগারে থাকা মো. আলমাস ঢাকার দোহারের কুসুমহাটির বাসিন্দা শেখ খলিলের ছেলে। তিনি ওই মামলার আসামি নন।

প্রতিবেদনে বলা হয়, মূল মামলার নথি, পুলিশ প্রতিবেদন ও গ্রেপ্তারি পরোয়ানায় ঠিকানাগত ভুল এবং দুজনের নাম ও পিতার নামের আংশিক মিল থাকায় পরিচয় শনাক্তে বিভ্রান্তি তৈরি হয়। তবে তাদের পিতা, পিতামহ, বয়স, পারিবারিক পরিচয় ও পেশায় উল্লেখযোগ্য অমিল রয়েছে।

এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন আলমাস। আদালতের নির্দেশে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান বিচারিক অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পর্যালোচনায় ভুল ব্যক্তিকে গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শনাক্ত করার বিষয়টি উঠে আসে।

সবকিছু বিবেচনায় নিয়ে হাইকোর্ট নিরপরাধ আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। সেই আদেশের পর মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পান তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *