ঢাকা: আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মেয়াদোত্তীর্ণ ইউপিগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপের নির্বাচনের তালিকা চূড়ান্ত করা হচ্ছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এবার প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
আবহাওয়া, উপকূলীয় এলাকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় বিবেচনা করে প্রতিটি ধাপের ইউপির তালিকা চূড়ান্ত করা হবে। প্রথম দুই ধাপেই অধিকাংশ ইউপির নির্বাচন শেষ করতে চায় কমিশন।
এদিকে, নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন ইসি সচিব। পাশাপাশি ছয় বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের তথ্য নিবন্ধন এবং ভোটার নিবন্ধনে পারিবারিক তথ্য যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে কমিশন।
তিনি আরও জানান, বর্তমানে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়নি। স্মার্ট কার্ড বিতরণে সরবরাহসংক্রান্ত জটিলতা থাকলেও লেমিনেটেড কার্ড এখনো বৈধ।

