আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদ্যাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। এ দিনের চেতনা গণতন্ত্র, জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন ও স্বনির্ভরতার ভিত্তি রচিত হয়েছিল। তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং ৭ নভেম্বরের বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

