শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (৩১) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীন রৌমারী সদর বিওপির একটি টহল দল ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৬৩ নম্বর পিলার থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রতনপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিনকে আটক করা হয়।
আটক মো. আল আমিন (৩১) রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামের মো. তয়েজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

