আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ধরঞ্জী স্কুল মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরীর সার্বিক উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় স্বাগতিক ধরঞ্জী ফুটবল দল নাটোর ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী উভয় দলের খেলোয়াড়দের মধ্যে নগদ অর্থ পুরস্কার বিতরণ করেন।
এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খেলার মাঠে এসে শেষ হয়।
মাদকবিরোধী এ ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সহসভাপতি মো. শফিকুল আলম, স্থানীয় বিএনপি নেতা আলম হোসেন, বিপ্লব হোসেন ও বাহার আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু সালেহ মুন্না, জেলা ছাত্রদল নেতা মো. আল ইমরান মণ্ডল, ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন এবং আদিবাসী নেতা মিলন কিসপট্টাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের খেলা উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

