দোহার-নবাবগঞ্জ (ঢাকা): ঢাকা মহিলা প্রথম বিভাগ বাছাই টি-টোয়েন্টি ক্রিকেট লিগ-২০২৬-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে দোহার-নবাবগঞ্জ লেডি টাইগার্স। দলের এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা।
দলের এ অসাধারণ সাফল্যের পেছনে খন্দকার মাহমুদ আরশীনের নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তিনি বর্তমানে ঢাকা জেলা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর, বিসিবির অডিট কমিটির যুগ্ম সদস্যসচিব এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্রীড়াঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা, নেতৃত্ব এবং নারী ক্রিকেটের বিকাশে নেওয়া উদ্যোগ দোহার-নবাবগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখছে।
দোহার-নবাবগঞ্জ লেডি টাইগার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শামীমা রাহিম শিলা এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ডা. কাশফিয়া সালাম নির্ঝর।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন দোহার-নবাবগঞ্জের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। আগামী দিনে লেডি টাইগার্স আরও বড় সাফল্য অর্জন করবে- এমন প্রত্যাশা সবার।
দোহার-নবাবগঞ্জের ক্রীড়াঙ্গনে এ অর্জন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। গর্বিত দোহার-নবাবগঞ্জ, গর্বিত লেডি টাইগার্স!

