সর্বশেষ :
3 Nov 2026, Tue

তালায় অভিনব কায়দায় মৎস্য ঘেরে মাছ লুটের অভিযোগ, সংবাদ সম্মেলন

তালায় অভিনব কায়দায় মৎস্য ঘেরে মাছ লুটের অভিযোগ, সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের নলবুনিয়া মৎস্য ঘেরে সন্ত্রাসী বাহিনী দিয়ে চাঁদা দাবি ও মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঘেরমালিক আব্দুস সাত্তার। তিনি ওই গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে নলবুনিয়া বিলের ১৯৫ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ করে আসছেন। তাঁর ঘেরের মধ্যে সাবেক মৃণাল বাহিনীর আশ্রয়দাতা হিসেবে পরিচিত হাজরাকাটি গ্রামের মৃত লবন সরদারের ছেলে নজরুল ইসলামের ৮ বিঘা জমির একটি ছোট ঘের রয়েছে। নজরুল ইসলাম কখনো তাঁর ঘেরে বেড়িবাঁধ দেন না। প্রতিবছর মাছ ধরার মৌসুমে তিনি জোরপূর্বক আব্দুস সাত্তারের ঘের থেকে মাছ ধরে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

আব্দুস সাত্তার আরও বলেন, এ পর্যন্ত তাঁর ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার বেশি মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে। এতে বাধা দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। চলতি বছরও নজরুল ইসলাম তাঁর লোকজন নিয়ে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছেন, যা এখনো অব্যাহত রয়েছে। এতে বাধা দেওয়ায় তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন লোকের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। পথে, ঘাটে কিংবা মাঠে যেখানেই পাওয়া যাবে, সেখানেই মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এমনকি সুযোগ না পেলে গোপনে হত্যা করার হুমকিও দেওয়া হচ্ছে।

এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এনে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *