সর্বশেষ :
3 Nov 2026, Tue

বাগজানার শান্তি চত্বরের সৌন্দর্যবর্ধনে এগিয়ে এলেন মামুন খান

বাগজানার শান্তি চত্বরের সৌন্দর্যবর্ধনে এগিয়ে এলেন মামুন খান

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): যেখানে শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকার কথা, সেই শান্তি চত্বরই দীর্ঘদিন ধরে ছিল অবহেলা ও অযত্নের শিকার। অবশেষে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে স্থাপনাটিকে নতুন রূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাসস্ট্যান্ডে অবস্থিত শান্তি চত্বরটির সৌন্দর্যবর্ধনে এগিয়ে এসেছেন স্থানীয় এক তরুণ।

পাঁচবিবি-হিলি পাকা সড়কের পাশে বাগজানা ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত এ স্থাপনাটি দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাতে বসেছিল। ধুলোবালি জমে বিবর্ণ হয়ে পড়েছিল স্থাপনাটির বিভিন্ন অংশ। রং ও বার্নিশের অভাব এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা না করায় অনেকটা দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল শান্তি চত্বরটি। এর ওপর বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী ব্যানার ও পোস্টারে ছেয়ে যাওয়ায় সৌন্দর্য আরও ম্লান হয়ে পড়ে। চত্বরের চারপাশে মৌসুমি দোকান এবং যাত্রীদের অপেক্ষমাণ ভ্যান-রিকশার কারণেও স্থাপনাটি অনেকটা আড়ালে থাকত।

বিগত সরকারের আমলে শান্তি চত্বরটির নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কিছু কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়া হয়। এরপর দীর্ঘদিনেও বাকি কাজ সম্পন্ন না হওয়ায় স্থাপনাটি অবহেলিত অবস্থায় পড়ে থাকে।

এমন পরিস্থিতিতে বাগজানার এ গুরুত্বপূর্ণ স্থাপনাটির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে এগিয়ে এসেছেন বাগজানার কৃতী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ মামুন খান। ‘করব কাজ, গড়ব দেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমানের এ স্লোগানে অনুপ্রাণিত হয়ে তিনি উদ্যোগটি গ্রহণ করেছেন।

বাগজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাস্টারের অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় সোমবার রাতে সহযোদ্ধাদের নিয়ে শান্তি চত্বরটির পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঘষামাজা ও সৌন্দর্যবর্ধনের কাজ করছেন মামুন খান। দিনের বেলায় ব্যস্ত সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে রাতের বেলায় চলছে সংস্কার ও সৌন্দর্য ফিরিয়ে আনার কর্মযজ্ঞ।

স্থানীয়রা মনে করেন, বাগজানা বাসস্ট্যান্ডের এ শান্তি চত্বরটি শুধু একটি স্থাপনা নয়, এটি এলাকার পরিচিতি ও সৌন্দর্যেরও প্রতীক। দীর্ঘদিন পর এর সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী মামুন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর এমন উদ্যোগে শান্তি চত্বরটি আবারও ফিরে পাবে তার হারানো সৌন্দর্য এবং হয়ে উঠবে পথচারী ও সাধারণ মানুষের দৃষ্টিনন্দন আকর্ষণ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *