সর্বশেষ :
3 Nov 2026, Tue

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২৬ হাজার ঘনফুট বালু

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২৬ হাজার ঘনফুট বালু

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে বিভিন্ন স্থান থেকে আনুমানিক ২৬ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনরত কাউকে পাওয়া যায়নি। তবে বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন স্থান থেকে আনুমানিক ১০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। জব্দ করা বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেও আনুমানিক ১৬ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুটি অভিযানে সর্বমোট প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালু বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে। তবে অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনরত কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বিধিবিধান লঙ্ঘন করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *