ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচির আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, খাগড়াছড়ি শাখা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘পড়াশোনার পাশাপাশি সঞ্চয়, সফলতার পথে নেই কোনো ভয়’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়।
কর্মসূচির আওতায় মাত্র ১০০ টাকা প্রাথমিক জমার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার সুযোগ রয়েছে। পাশাপাশি বিনা মূল্যে ডেবিট কার্ড, এসএমএসের মাধ্যমে লেনদেনের তথ্য জানার সুবিধা এবং কোনো সার্ভিস চার্জ ছাড়াই ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে হিসাবটি সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরের সুবিধাও রয়েছে।
স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খুলতে শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি এবং বাবা-মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি প্রয়োজন। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়মুখী করে তোলা এবং ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা গড়ে তোলার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।
পূবালী ব্যাংক পিএলসি, খাগড়াছড়ি শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তরাঞ্চলের রিজিওনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক এ কে এম মাসুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জামাল উদ্দিন, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচির মাধ্যমে তাঁরা সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছেন। মাত্র ১০০ টাকায় ব্যাংক হিসাব খোলা এবং বিনা মূল্যে ডেবিট কার্ডসহ বিভিন্ন সুবিধা তাঁদের জন্য অনেক উপকারী। এ উদ্যোগ তাঁদের ছোটবেলা থেকেই সঞ্চয়ী হতে উৎসাহিত করবে।

