আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামে বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। কামার গ্রাম আদর্শ কৃষি যুব সমবায় সমিতি ও গ্রামবাসীর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, যুবদল নেতা ও আসন্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল-আমিন বিশ্বাস।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের নেতা ও আসন্ন স্থানীয় ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টে বিজয়ী দলকে একটি বড় খাসি এবং রানারআপ দলকে একটি রাজহাঁস পুরস্কার হিসেবে দেওয়া হবে। টুর্নামেন্ট সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে দায়িত্ব পালন করছেন আ. আওয়াল, আইনুল মন্ডল, ফরহাদ হোসেন, শহিদুল হোসেন, শাহিন আলম ও শাকিব হাসানসহ অনেকে।
আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ঘোড়াঘাট উপজেলার পালশা দল ও পাঁচবিবির সোনাকুল দল অংশ নেয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

