সর্বশেষ :
26 Oct 2026, Mon

পর্তুগালের স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করে উধাও প্রতারক মাসুম

পর্তুগালের স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করে উধাও প্রতারক মাসুম

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় বিদেশে পাঠানোর কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম মাসুম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকার বাসিন্দা। এ ঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, পর্তুগালে পাঠানোর আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেন মাসুম। পরে বিদেশে পাঠানোর ব্যবস্থা না করে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ মার্চ দোহার থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার ঘাটা এলাকার বাসিন্দা খসরু বিশ্বাস। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলেকে পর্তুগালে পাঠানোর কথা বলে ২০২২ সালের ১৯ অক্টোবর ওয়ান ব্যাংকের একটি হিসাবে ১ লাখ ৪০ হাজার টাকা নেন মাসুম। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাঁর ছেলেকে বিদেশে পাঠাতে পারেননি। পরবর্তী সময়ে মাসুম তাঁদের ফোনও রিসিভ করা বন্ধ করে দেন।

খোঁজ নিয়ে আরও জানা যায়, পর্তুগালে পাঠানোর কথা বলে দোহার ঘাটা এলাকার দীপ্ত নামের এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা এবং পশ্চিম সুতারপাড়া এলাকার আরও এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা নেন মাসুম। এ ছাড়া আরও কয়েকজনের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, বর্তমানে মাসুমের মোবাইল ফোন নম্বর চালু থাকলেও তিনি কারও ফোন রিসিভ করছেন না। টাকা ফেরত না পেয়ে তাঁরা উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে মনিরুল ইসলাম মাসুমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তাঁদের টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *