ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। রোববার (২৫ অক্টোবর) বিকেল ও রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসানের নেতৃত্বে দুটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে একটি দল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৬ গ্রাম হেরোইনসহ আহম্মদ আলী টুকু (৪৫) ও ৬ গ্রাম হেরোইনসহ মো. মিলন ঢালীকে (৪৪) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই মো. তানভীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে অপর একটি দল রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকার মনু লাবনী পয়েন্টসংলগ্ন এম ই ফুড গ্যালারি অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. আবছার উদ্দিন (২১) এবং ১ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবছার উদ্দিন ও সাইফুল ইসলামের স্থায়ী ঠিকানা কক্সবাজারের টেকনাফ এলাকায়। তাঁরা বর্তমানে ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি এবং কেরানীগঞ্জ মডেল থানায় আরেকটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

