যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে নিজের আসন ধরে রেখেছেন। অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের আইনসভায় জয় পেয়েছেন আবুল খান।
নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শেখ রহমান। তাঁর পক্ষে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে। এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন তিনি।
বাংলাদেশের কিশোরগঞ্জে জন্ম নেওয়া শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করছেন।
এদিকে, কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। ২০২২ সালে প্রথমবার সিনেটর নির্বাচিত হওয়ার পর ২০২৪ সালেও জয় পেয়েছিলেন তিনি।
অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম-৩০ আসন থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান। প্রাথমিক ভোট গণনায় ১ হাজার ৮৭৩ ভোট পেয়ে এগিয়ে ছিলেন তিনি। একই আসন থেকে রিপাবলিকান প্রার্থী জেসন জ্যানভ্রিনও নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের পিরোজপুরে জন্ম নেওয়া আবুল খান রিপাবলিকান পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে ছয় মেয়াদে অঙ্গরাজ্যটির আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পাঁচ বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের জয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

