আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। একযোগে সারা দেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশে এ আয়োজনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে।

