ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ১০টি ইভেন্টে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬–২০২৭’ (সিজন-২)। বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের মতো খাগড়াছড়িতেও এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দাবা খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী শিশু-কিশোরেরা।
আয়োজকেরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

