দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মাহমুদপুরে এক ব্যক্তির চাষ করা জমিতে দুটি গাঁজাগাছের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চুরি ও মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটকের ঘটনার পরদিন শনিবার সকালে জমিটিতে কাটা অবস্থায় গাছ দুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই জমির মালিক দুলাল গাজীর ছেলে শাকিল গাজী জমিতে গাঁজাগাছ দুটি রোপণ করেছিলেন। তাঁদের দাবি, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় শাকিলের ছোট ভাই হুমায় গাজী গাছ দুটি কেটে ফেলেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চুরি ও মাদক সেবনের অভিযোগে এলাকাবাসী দুই ব্যক্তিকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের চুরির অভিযোগে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনার পরদিন শনিবার সকালে দুলাল গাজীর চাষ করা জমিতে কাটা অবস্থায় দুটি গাঁজাগাছ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের ধারণা, শুক্রবার রাতের ঘটনার পর বিষয়টি প্রকাশ্যে আসার আশঙ্কায় গাছ দুটি কেটে ফেলা হয়ে থাকতে পারে।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবী ও চোরদের উপদ্রবে তাঁরা অতিষ্ঠ। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা রোধে স্থানীয়রা এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বলেও জানান তাঁরা।
এলাকাবাসী বিষয়টি তদন্ত করে গাঁজাগাছ রোপণ ও কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

