সর্বশেষ :
14 Nov 2026, Sat

রৌমারীতে যাত্রাপালার নামে মাদক, জুয়া ও অশ্লীলতার আশঙ্কা, বন্ধের দাবি এলাকাবাসীর

রৌমারীতে যাত্রাপালার নামে মাদক, জুয়া ও অশ্লীলতার আশঙ্কা, বন্ধের দাবি এলাকাবাসীর

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যাত্রাপালার আয়োজনকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া ও অশ্লীল কর্মকাণ্ডের আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে যেন কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের আসর বসতে না পারে, সে বিষয়ে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৪ নভেম্বর রাতে উপজেলার তিনতেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘লাইলী-মজনু’ শীর্ষক একটি যাত্রাপালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামসহ অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, যাত্রাপালার আড়ালে জুয়া, মাদক সেবন বা অশ্লীলতার চর্চা শুরু হলে তা এলাকার শান্ত পরিবেশ এবং যুবসমাজের নৈতিকতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও আশঙ্কা রয়েছে।

তাঁদের স্পষ্ট দাবি, সংস্কৃতির নামে কোনোভাবেই সমাজবিধ্বংসী কর্মকাণ্ডের সুযোগ দেওয়া যাবে না। যদি এ আয়োজন করা হয়, তবে তা সম্পূর্ণ নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশে নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, যাত্রাপালা আমাদের গ্রামীণ লোকসংস্কৃতির একটি ঐতিহ্যবাহী মাধ্যম। অতীতে বিনোদন ও সমাজসচেতনতা সৃষ্টিতে এর বিশেষ ভূমিকা ছিল। তবে কিছু কুচক্রী মহলের অপতৎপরতার কারণে বর্তমানে কোথাও কোথাও যাত্রাপালার মূল ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা এই শিল্পের ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করছে।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। সুস্থ বিনোদন ও ঐতিহ্যচর্চার মাধ্যম হিসেবেই যাত্রাপালা বিকশিত হোক- এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *